রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এ পদক্ষেপে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধবিরতি স্থানীয় সময় আজ শনিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে সব দিক থেকে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সম্ভাব্য উসকানি বা আক্রমণের জবাব দিতে প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা এ সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, মানুষের একটি নিরাপদ ইস্টার প্রয়োজন এবং এটি শান্তির পথে বাস্তব অগ্রগতি হতে পারে। গত বছরও একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তোলে। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, এই যুদ্ধবিরতি প্রস্তাব আগে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়নি এবং এটি ত্রিপক্ষীয় শান্তি আলোচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সূত্র: রয়টার্স
যে কারণে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন
