স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি ফুয়েল কার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টার ঘটনায় দুই যুবককে আটক করেছে প্রশাসন। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে একটি গাড়ি নিয়ে এসে সরকারি ফুয়েল কার্ড দেখিয়ে তেল নিতে চান দুই যুবক। কার্ডে অসঙ্গতি দেখে ফিলিং স্টেশনের কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি যাচাই করেন। যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ইউএনও’র স্বাক্ষর জাল করার বিষয়টি ধরা পড়ে।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করেন। একই সঙ্গে জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়িটি। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি নথি ও স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা গুরুতর অপরাধ। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা, দুই যুবক আটক
