দেওয়ানগঞ্জে গুলুঘাট ব্রীজ চরম হুমকিতে চুনিয়াপাড়ামুখী সড়কধসে যোগাযোগে বিঘ্ন

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে গুরুত্বপূর্ণ গুলুঘাট ব্রীজটি চরম হুমকির মুখে পড়েছে। দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনিয়াপাড়া গ্রামে অবস্থিত ব্রীজটির উপর দিয়ে দিনরাত অসংখ্য জন ও যানবাহন চলাচল করে। দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া-সানন্দবাড়ী প্রধান সড়কের গুলুঘাট ব্রীজটিকে দেওয়ানগঞ্জ সদরের দ্বার বলা হয়। উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী ডাংধরা, পাররামরামপুর ইউনিয়নসহ ৬টি ইউনিয়নের মানুষজন দেওয়ানগঞ্জ সদরে এ ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার কয়েক উপজেলার মানুষও এ পথে জামালপুর, ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রামে যাতায়াত করে। গত সপ্তাহের শেষের দিকে প্রবল বর্ষণে গুলুঘাট ব্রীজ সংলগ্ন এ্যাপ্রোচের ধারে বৃহদাংশ মাটি ধসে গেছে। এতে করে একদিকে চুনিয়াপাড়া গ্রামের মানুষজনের চলাচলে চরম বিঘ্ন ঘটেছে, যানবাহন চলাচল একেবারেই বন্ধ। অপরদিকে সড়কের মাটি ধসে যাওয়ায় গুলুঘাট ব্রীজ ও প্রধান সড়ক হুমকির মুখে পড়েছে। অভিজ্ঞমহলের মতে, যেকোনো সময় ফের প্রবল বর্ষণ শুরু হলে গুলুঘাট ব্রীজ ও প্রধান সড়ক ভাঙ্গনের মুখে পড়তে পারে, বন্ধ হয়ে যেতে পারে এ পথে সড়ক যোগাযোগ।