প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক

জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা গতকাল মঙ্গলবার ও বুধবার প্যারিসে বৈঠকে বসছেন। তবে এই বৈঠকে ইউরোপীয় যানবাহনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সাম্প্রতিক হুমকি সরাসরি আলোচনায় আসছে না। জি-৭-এর ফরাসি সভাপতিত্বে এটি বাণিজ্যমন্ত্রীদের দ্বিতীয় বৈঠক। এই দ্বিতীয় বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রণালী দিয়েই সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল প্রবাহিত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। ফ্রান্সের জুনিয়র বা উপ-বাণিজ্যমন্ত্রী নিকোলাস ফোরিসিয়ারের কার্যালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাই গতকাল মঙ্গলবারের বৈঠকে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন, তবে এই বিষয়টি আলাদাভাবে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ফরাসি রাজধানীতে ইইউ বাণিজ্য কমিশনের সদস্য মারোস শেফকোভিচের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে ইউরোপীয় গাড়ি ও যন্ত্রাংশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক সর্বোচ্চ ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প অন্যান্য অনেক দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। ফরাসি দপ্তর জানিয়েছে, ‘এ মুহূর্তে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। সময় হলে ইউরোপীয় দেশগুলো নিজেদের মধ্যে বিষয়টি আলোচনা করবে, তবে জি-৭-এর কাঠামোর মধ্যে এই আলোচনা নয়। গতকাল বুধবার জি-৭ দেশগুলোর (যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র) মন্ত্রীরা চারটি প্রধান অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে প্রথম অগ্রাধিকার হলো— শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় সম্মিলিত ও কার্যকর উপায় খুঁজে বের করা।