ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে দল কোনো ম্যাচে না জিতলেও সুখবর পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। আইসিসির সবশেষ হালনাগাদ করা র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন ও শারমিন আক্তার সুপ্তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬টি উইকেট পান সুলতানা খাতুন। তাতেই হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করেছেন তিনি। বেস্ট বোলিং ফিগার ৬ রানে ৩ উইকেট। আর প্রতি উইকেটের জন্য সুলতানা খাতুন খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই বোলার র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছেন তিনিই। এদিকে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তারও। সুপ্তা ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন দিলারা। আর স্বর্ণা এগিয়েছেন ১৯ ধাপ। ব্যাটারদের র্যাংকিংয়ে তার অবস্থান ৬২তম স্থানে। এদিকে সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। দুইয়ে আছেন আরেক অজি ব্যাটার বেথ মুনি। তার রেটিং পয়েন্ট ৭৮৮। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অবস্থান লরা ওলভার্টের। এছাড়া হেইলি ম্যাথিউস চার এবং স্মৃতি মান্ধানা পাঁচ নম্বরে অবস্থান করছেন।
র্যাংকিংয়ে বড়ো লাফ দিলো সুলতানা খাতুন-শারমিন আক্তার সুপ্তারা
