নিজস্ব সংবাদদাতা
জামালপুর জেলায় ৭ম দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর কাবাডি ও বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার খেলোয়াড়রা অংশ নিয়ে ক্রীড়া নৈপুণ্যের দারুণ প্রদর্শন করেন। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
কাবাডি বালক বিভাগের ফাইনাল খেলায় মুখোমুখি হয় জামালপুর পৌরসভা ও মাদারগঞ্জ উপজেলা দল। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জামালপুর পৌরসভা দল বিজয় অর্জন করে চ্যাম্পিয়নের গৌরব লাভ করে।
অন্যদিকে কাবাডি বালিকা বিভাগের ফাইনাল খেলায় অংশ নেয় জামালপুর পৌরসভা ও ইসলামপুর উপজেলা দল। উত্তেজনাপূর্ণ এ খেলায় চমৎকার দলীয় সমন্বয় ও কৌশলী খেলায় জামালপুর পৌরসভা বালিকা দল জয় লাভ করে শিরোপা নিজেদের করে নেয়।
এছাড়াও বালক ও বালিকাদের অংশগ্রহণে বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল দাবা, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় এবং দীর্ঘ লাফ। প্রতিটি ইভেন্টে প্রতিযোগীরা প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। তরুণ খেলোয়াড়দের প্রতিভা ও উদ্যম আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা গড়ে তোলার লক্ষ্যেই “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, গত ২ মে সারা দেশব্যাপী একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জমজমাট আয়োজনে কাবাডি ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
