ঈদুল আজহায় নারীদের জন্য ট্রেনে কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ

আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। পরে তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে। ৫০ মাইলের বেশি যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে। তিনি আরও জানান, এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। ওই রিটের পর ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান—আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন হবে না। সেই বিচারাধীন রুলের শুনানিকালে ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত এ নির্দেশ দেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।