হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির (পিজিএসএ) জন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সেই পোস্টে তারা জানিয়েছে, এই সংস্থাটি হরমুজ প্রণালির কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম (তাৎক্ষণিক) আপডেট প্রদান করবে। পরে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির (পিজিএসএ) একটি এক্স অ্যাকাউন্টও খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকে করা প্রথম পোস্টেও একই বার্তা দেয়া হয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন মেকানিজম বা ব্যবস্থা তৈরি করতে তার দেশ ওমানের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। গতকাল তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘায়ি এই মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালি একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সামুদ্রিক পথ, যার গুরুত্ব কেবল ইরান, ওমান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি আরও যোগ করেন, ‘ইরান এই পথ দিয়ে নিরাপদ ও সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে সর্বদা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে এসেছে। হরমুজ প্রণালি দিয়ে পারাপার অবশ্যই সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে সর্বোত্তম উপায়ে সম্পন্ন হতে হবে।’ তিনি জোর দিয়ে বলেন, ইরান এবং ওমান উভয় দেশই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াকে নিজেদের দায়িত্ব বলে মনে করে, কারণ এটি এই দুটি উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত।