রাকিবুল হাসান রিফাত
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে জামালপুরে একতা ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৮ আগস্ট দুপুরে জামালপুর পৌর শহরের জামালপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে একতা ক্লাবের সভাপতি মো. আসিফ সিদ্দিকীর সভাপতিত্বে এবং একতা ক্লাবের সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূর মোমেন আকন্দ কাউসার এবং জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুল রহমান সুমিল। এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রশীদুল আলম, একতা ক্লাবের সাংগঠনিক সম্পাদক হারেজ মিয়া, ক্লাবের কার্যকরী সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান সজীব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব¡ অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একতা ক্লাবের এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।তিনি তরুণ সমাজকে সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মো. নূর মোমেন আকন্দ কাউসার বলেন, একটি গাছ শুধু আমাদের ছায়া দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা।
অন্যদিকে মো.আতিকুল রহমান সুমিল বলেন, তরুণদের নেতৃত্বে এ ধরনের সামাজিক কর্মকান্ড আমাদের আশাবাদী করে। একতা ক্লাবের এই উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আয়োজকদের বক্তব্যে একতা ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও একতা ক্লাবের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে অতিথি ও আয়োজকরা রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জামালপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং তরুণ সমাজ সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবে।
সবুজ জামালপুর গড়ার প্রত্যয়ে একতা ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
