নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবী টেংরাকুড়া বাসীর

লিয়াকত হোসাইন লায়ন
ভোটারদের ভোগান্তি দূর করতে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্থায়ী ও নতুন ভোট কেন্দ্র স্থাপনে দাবি জানিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকাবাসী। পর্যাপ্ত ভোটার সংখ্যা ও উপযুক্ত অবকাঠামো থাকা সত্ত্বেও টেংরাকুড়া গ্রামে আলাদা ভোটকেন্দ্র না থাকায় এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে নানা বাধা ও অনীহার মুখোমুখি হন। দীর্ঘ পথ পড়ি দিয়ে বয়স্ক, নারী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাতায়াতে দূর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের দাবী জানিয়েছেন এলাকাবাসাী
স্থানীয়দের অভিযোগ,স্বাধীনতার পর থেকে প্রায় ৬ কিলো মিটার পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলামপুর থানা সদর সংলগ্ন ইউনিয়নের ১নং ওয়ার্ডেও ১নং ব্লকের একটি মাত্র ভোট কেন্দ্র চরদাদনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭টি গ্রামের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়েছে। যা বয়োবৃদ্ধ, নারী ও সাধারণ ভোটারদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। এক দশক আগে ভোট কেন্দ্রটি ভাগ হয়ে আবারো ওয়ার্ডের শেষ সীমানায় প্রায় ২ কিলোমিটার দুরত্ব তেঘুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তেঘুরিয়া গ্রামের ৩শত ৩৮ জন ও টেংরাকুড়া,পশ্চিমপাড়া গ্রামের ৭শত ৭৯জন ভোটার নিয়ে আরেকটি নতুন কেন্দ্র হলে এখানে তিন গ্রামের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। টেংরাকুড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যাতায়াতের ব্যবস্থা উপযোগী এবং ভোটার সংখ্যা বেশী হলেও রাস্তা বিহীন খোলামেলা তেঘুরিয়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে ভোট কেন্দ্র হওয়ায় ভোট দিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, দশানী নদী বেস্টিত গাইবান্ধা ইউনিয়ন টেংরাকুড়া গ্রামটি অনেক অবহেলিত। এক সময় ভোট দিতে ৬ কিলো হেঁটে সদর সংলগ্ন যেতে হতো। এখন ২ কিলো পথ পাড়ি দিয়ে নতুন আরেক ভোট কেন্দ্রে যেতে হয়। বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য দীর্ঘ এইপথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য।
এলাকাবাসীর পক্ষে তানসেন মন্ডল বলেন,ভোটকেন্দ্রটি দূরে হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক অনিহা প্রকাশ করে ভোট দিতে বিরত থাকেন। আবার অনেকে নানা সমস্যার মুখোমুখি হন। ভোটারদের দুর্ভোগ কমিয়ে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র করার দাবী জানাই।
ছানোয়ার হোসেন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী, আমাদের এলাকায় প্রায় ৮শত ভোট, অনেক নারী,বয়স্কদের ভোট দিতে কস্ট হয়। টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নতুন ভোটকেন্দ্র স্থাপন করলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান ভ’ইয়া বলেন, ‘আমরা এলাকা পরিদর্শন করেছি। জেলা কার্যালয়ে ইতিমধ্য শুনানী হয়েছে। জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে ভোটার সংখ্যা বিবেচনা করে তেঘুরিয়া কেন্দ্রটি টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর হবে এমটাই প্রত্যাশা এলাকাবাসীর।