পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে তাকে হাতকড়া দিয়ে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে সারাদেশের যে চলমান অবস্থা তা ঠিক করতে কিছুটা সময় দিতে হবে। কারণ আমরা যে রাষ্ট্র পেয়েছি তার অবস্থা খুবই ভঙ্গুর, অর্থনৈতক অবস্থা অত্যন্ত খারাপ। যার কারণে প্রতিটি সেক্টর এমনকি গ্যাস, বিদ্যুতের সংকট রয়েছে। বিমানমন্ত্রী বলেন, জ্বালানির উন্নয়নে বিগত ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকার কোনো কাজ করেনি বরং লুটপাট করার জন্য বিভিন্ন প্ল্যান্ট করেছে। যেগুলো চলুক বা না চলুক বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হয়েছে। এভাবে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এই অবস্থা করেছে। এ অবস্থা থেকে উত্তরণে কিছুটা সময় দিতে হবে। কিন্তু একটি দল এই সুযোগে যার নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্র তৈরি করেছিল তাদের আশা ভঙ্গ হয়েছে। কারণ জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গ তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না৷ এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি উনি এখানে আসবেন। আমরা বলি ৩১ ডিসেম্বর কেনো, যখনই আসবে তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোসররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট, এগুলোর সমাধান করতে চাই। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা আসুক, আমরা হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
