জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক প্যানেলে জামালপুর জেলার শিক্ষক রুবেল আহম্মেদ

নিজস্ব সংবাদদাতা
আগামী ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের ১০০ গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা দেবে সরকার। এসব গুণী শিক্ষক বাছাইয়ে ২১৫ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাদের মধ্য থেকে তালিকাটি চূড়ান্ত করা হবে। তথ্যটি দৈনিক শিক্ষা ও দৈনিক আমাদের বার্তা ১ অক্টোবর পত্রিকায় তালিকা প্রকাশ করে। কারিগরি (মাধ্যমিক) পর্যায়ে ১৫ জন গুণী শিক্ষকের নামের প্যানেল কারিগরি শিক্ষা অধিদপ্তর পাঠিয়েছে। যেখানে জামালপুরের মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর ও একাডেমিক সহকারী ইনচার্জ ‘রুবেল আহম্মেদ’ এর নাম ৯ নম্বর ক্রমে দেখা যায়। উল্লেখ্য যে, জাতীয় পর্যায়ে জুনিয়র ইন্সট্রাক্টর পর্যায়ে তিনি একক গুণী শিক্ষক হিসেবে মনোনিত হয়েছেন।
তিনি শিক্ষকতার পাশাপাশি একজন কবি, লেখক, কলামিস্ট, আবৃত্তিকার, নাট্যাভিনেতা, সংস্কৃতি ও সমাজকর্মী হিসেবে পরিচিত। বেসরকারি-সরকারি প্রতিষ্ঠানে তার মোট সাড়ে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। দেশ-বিদেশ পত্রিকায় শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন নিবন্ধ-প্রবন্ধ লেখার পাশাপাশি তিনি সেমিনার সহ প্রায় ১২-১৩ টি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। টেকনিক্যাল টিচার্স ট্রেনিং সেন্টার, ঢাকায় এক মাসব্যাপী বেসিক প্রশিক্ষণে তিনি বিশেষ অ্যাওয়ার্ড ‘মোস্ট অ্যাক্টিভ’ সহ মোট পাঁচটি পুরস্কারে ভূষিত হন। তাঁর এমন সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত এবং সম্মাননার আশাবাদী।
সূত্রে জানা যায়, ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ ও ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬’-এর মানদণ্ড অনুসরণ করে সার্চ (কোর) কমিটি এসব শিক্ষক বাছাই করেছে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস জাতীয়ভাবে উদযাপন করা হবে। ওই দিবসে জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্তভাবে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিতদের হাতে পুরস্কারের অর্থের চেক, সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন। এবার প্রত্যেক নির্বাচিত শিক্ষককে এক লাখ টাকা করে দেওয়া হবে। কারিগরি পর্যায়ে এই প্যানেল থেকে দশজনকে গুণী সংবর্ধনা দেওয়া হবে।