প্রকাশ পেলো ‘জেলার ২’-এর ট্রেলার

প্রায় পৌনে দু’বছর আগে টিজার প্রকাশের পর থেকেই ‘জেলার ২’-এর অপেক্ষায় ছিলেন রজনীকান্তের ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পরই নতুন করে আলোচনায় মেগাস্টার রজনীকান্ত। তাঁর সঙ্গে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও মোহনলালের উপস্থিতি ছবিটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়েছে। ‘জেলার’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পরই সিকুয়েল নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে ‘জেলার ২’-এর। মুক্তির মাত্র ১০ দিন আগে প্রকাশিত ট্রেলারে শুরু থেকেই দেখা গেছে টানটান উত্তেজনা। দুই মাস ধরে চলা ধ্বংসযজ্ঞের নেপথ্যে থাকা রহস্যময় ব্যক্তিকে খুঁজতে তৎপর প্রশাসন। এর মধ্যেই অনিরুদ্ধর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে পর্দায় আবির্ভাব রজনীকান্তের। ট্রেলারজুড়ে চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা গেছে রজনীকান্তকে। কখনো স্টেনগান হাতে গুলি চালাচ্ছেন, আবার কখনো ঠান্ডা মাথায় শত্রুকে হুমকি দিচ্ছেন। এক দৃশ্যে চা নাকি কফি-সেটি বেছে নেওয়ার সুযোগও দেন তিনি, তবে শান্ত স্বরের আড়ালেই থাকে ভয়ংকর বার্তা। গুপ্তচরবৃত্তি, ভয় দেখানো কিংবা মনস্তাত্ত্বিক কৌশলকে সেকেলে বলে উড়িয়ে দিয়ে নিজের পদ্ধতি হিসেবে সব শত্রুকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলতে দেখা যায় তাঁকে। রজনীকান্তের পাশাপাশি ট্রেলারে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালান। দেখা গেছে মোহনলালের ঝলকও। জানা গেছে, অতিথি শিল্পী হিসেবে থাকছেন তিনি। ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক ভক্তের ধারণা, ‘জেলার ২’ রজনীকান্তের ক্যারিশমার আরেকটি বড় উদযাপন হতে যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে। সেই উত্তর মিলবে ১৫ অক্টোবর। আপাতত ‘টাইগার’-এর নতুন ঝড় দেখার অপেক্ষায় রজনী-ভক্তরা।