সদরের মেষ্টা ইউনিয়নে ভোটের মাঠে শক্ত অবস্থানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুকন

নিজস্ব সংবাদদাতা
আসন্ন জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এই ভোটযুদ্ধে শক্ত অবস্থানে থেকে সাধারণ মানুষের মন জয় করে এগিয়ে আছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান সরকার রুকন। মেষ্টা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও চায়ের দোকানে এখন রুকনকে নিয়েই চলছে মূল আলোচনা। শিক্ষাগত যোগ্যতায় মেষ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রুকন বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রিধারী। সৎ, শিক্ষিত ও পরোপকারী হিসেবে পুরো ইউনিয়নে তার বিশেষ সুনাম রয়েছে।
এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন সবসময়ই বেশ কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুকনের স্পষ্ট উন্নয়ন ভাবনা, সততা ও সহজ-সরল আচরণের কারণে তিনি অন্যান্য প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে আছেন। গ্রামবাসীর মতে, এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য রুকনের জয়ের কোনো বিকল্প নেই। এলাকাবাসী আরো জানান, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি চেয়ারে বসলে কোন অনিয়ম বা দুর্নীতি পাওয়া যাবে না। এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাবে সেই সাথে অনেকের বেকারত্ব দূর হবে।
মেষ্টা বাজারের কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রুকন অত্যন্ত মার্জিত, নম্র ও ভদ্র স্বভাবের এক তরুণ। আজ পর্যন্ত কারো সাথে তার কোনো ধরনের খারাপ আচরণ দেখা যায়নি। শুধু তিনিই নন, তার বাবা মরহুম আব্দুর রহমান মন্ডল ও বড় ভাইদের সাথেও এলাকার মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ফলে দল-মত নির্বিশেষে সাধারণ ব্যবসায়ী ও পেশাজীবী মানুষ তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।
উক্ত ইউনিয়নের কয়েকজন নারী ভোটারদের সাথে কথা বলে জানা যায়, রুকনের মধ্যে কোনো অহংকার নেই। তিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্টে সবসময় পাশে দাঁড়ান। তাদের মতে, ইউনিয়নের সার্বিক নিরাপত্তা, অবহেলিত নারী ও শিশুদের উন্নয়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় রুকনই সবচেয়ে যোগ্য প্রার্থী। রুকনের মতো শিক্ষিত, মিশুক ও পরোপকারী ছেলে এলাকায় বিরল। ছোট-বড় সবাইকে তিনি সম্মান করেন।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুকনুজ্জামান সরকার রুকন বলেন, আমি নির্বাচিত হলে মেষ্টা ইউনিয়নকে একটি ডিজিটাল, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়ন পরিষদকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখার পাশাপাশি সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ দূর করার ঘোষণা দেন তিনি।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুকন আরও বলেন, এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের পরিকাঠামোগত উন্নয়ন, কৃষকদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং গ্রামীণ রাস্তাঘাট সংস্কারকে তিনি অগ্রাধিকার দেবেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ইউনিয়ন পরিষদের নাগরিক সনদসহ যাবতীয় সেবা প্রাপ্তি সহজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, মেষ্টা ইউনিয়নের মানুষের ভালোবাসাই আমার মূল প্রেরণা। আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর ওপর আস্থা রাখবেন এবং ভোট দিয়ে এলাকার সেবা করার সুযোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।