মাহমুদপুরকে মাদক ও দুর্নীতিমুক্ত করে শিক্ষার উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই -চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার

Oplus_153223168

মুত্তাছিম বিল্লাহ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টারের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল টেকনিক্যাল স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান মাস্টার বলেন, আমি নির্বাচিত হলে মাহমুদপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় দূর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য ইউনিয়ন পরিষদের সেবা সহজলভ্য করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, মাহমুদপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, জনবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার কাছে ইউনিয়নের প্রতিটি মানুষ সমান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান দায়িত্ব।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ, তরুণদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। আমি চাই, মাহমুদপুর ইউনিয়নের তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করুক। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণ ভোটারদের প্রতি আমার আহ্বান, আপনারা যোগ্য নেতৃত্ব বেছে নিতে সচেতন ভূমিকা রাখুন এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এগিয়ে আসুন।
দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েই মানুষের কাছে এসেছি। ইউনিয়ন পরিষদের কোনো উন্নয়ন কাজে অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনগণের উন্নয়নেই ব্যয় করতে হবে। পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা থাকবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই তাদের কাঙ্খিত সেবা পান, সে বিষয়ে শতভাগ কাজ করবো।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, যুব বিষয়ক সম্পাদক মোঃ ইবাদুল হক রোমান, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ মেম্বারসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোলাইমান হক। বক্তারা বিপুল ভোটের ব্যাবধানে ইউনিয়ন বিএনপিরি সভাপতি তৈয়বুর রহমান মাস্টারকে বিজয়ী করার প্রত্যয় ব্যাক্ত করেন।