খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে সায়েব আলী (২৬) ও শাহার আলী (২৯) নামের দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ৬ মে বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল হোসেন। দন্ডপ্রাপ্ত সায়েব আলী পৌর এলাকার ডালবাড়ির নজরুল ইসলামের ছেলে ও শাহার আলী নির্বাহী এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।
জানা যায়, গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মাদক সেবন করছিল ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেন এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত ওই দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জহুরুল হোসেন।
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ২ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড
