শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শেরপুর প্রতিনিধি
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শেরপুর সার্কেলের আয়োজনে একটি রোড শো বের করা হয়। রোড শো শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জিএম নাদির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিরাপদ ড্রাইভিং ও সচেতনতার স্বীকৃতিস্বরূপ ৫ জন সেরা চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।