শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মেলান্দহ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক

নিজস্ব সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. হাসানুজ্জামান পিন্টু। শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল শনিবার ১৪ নভেম্বর দুপুরে মেলান্দহ পৌর এলাকার বকুলতলায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন হাসানুজ্জামান পিন্টু। লিখিত বক্তব্যে তিনি জানান, গত দুই মাস রাজনৈতিক মামলায় কারাভোগের কারণে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। বর্তমানে জটিল রোগে আক্রান্ত হওয়ায় ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদিন আকন্দ, সিনিয়র সাংবাদিক মীর সালাম জাহাঙ্গীর, মানবাধিকারকর্মী মো. লিটন মোল্লা, ব্যবসায়ী খোরশেদ আলম, সুধী সমাজের প্রতিনিধি রাজিব হোসেন মজনুসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।