রামিসা হত্যায় হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল, স্ত্রী খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে সোহেল রানার সাজা বহাল এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। এর আগে গত সোমবার এ মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী প্রমুখ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। মামলার বিবরণী অনুসারে, রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থেকে বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো। গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে সোহেল রানা পালিয়ে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গত ২৫ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মাধ্যমে একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়। এরপর রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছে। তারপর দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।
যে কারণে খালাস স্বপ্না খাতুন: রায়ের আলোকে স্বপ্না খাতুনের খালাস প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সোহেল রানার জবানবন্দিতে তাকে নিজে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্ন খাতুনের কোনো সম্পৃক্ততা সে উল্লেখ করেনি এবং আদালতও বলেছেন যে, কোনো একটা ধর্ষণ কাজে কোনো একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। আদালত আরো বলেছেন, অন্যান্য যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়Ñ স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিন তলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, কিন্তু মূল যে অভিযোগ এবং মূল যে অপরাধ ধর্ষণ এবং হত্যা, তার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্ন খাতুনকে খালাস দিয়েছেন। এদিকে আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে তাদের পর্যবেক্ষণ বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী প্রমুখ। আসামিপক্ষে আইনজীবী হাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। এসময় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও আদালতে উপস্থিত ছিলেন।
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে সন্তুষ্ট রামিসার বাবা: আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলোÑ আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাবো। আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।