অধিকৃত পশ্চিম তীরে ভোরের আগেই একাধিক এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, কালকিলিয়ার পূর্বের কাফর কাদ্দুম শহরে অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের একজনের ছেলেকে আটক করে সেনারা। একই সময়ে তুলকারেমের পূর্বে ইকতাবা এলাকায় বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এক বন্দিসহ দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়। হেবরন অঞ্চলের বেইত উম্মার এলাকাতেও কয়েকটি পাড়ায় তল্লাশি চালিয়ে আরো আটজনকে আটক করা হয়েছে। অভিযানের পাশাপাশি উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চলাচলেও বাড়ানো হয়েছে কড়াকড়ি। রামাল্লাহর উত্তরের আতারা ও আইন সিনিয়া চেকপোস্ট বন্ধ করে দেওয়ায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এ সময় বাসিন্দাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে সেনারা, ফলে সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। একই সঙ্গে সিলওয়াদ ও দেইর জারিরের প্রবেশদ্বার দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে ১৪ ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল
