‘অসত্য বয়ানের’ অভিযোগ, আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন অভিযোগ করেছেন, মাহমুদুর রহমান সম্পাদিত পত্রিকা আমার দেশ তার বিরুদ্ধে ‘অসত্য ন্যারেটিভ’ তৈরি করছে। ফেইসবুকে এক ভিডিও বার্তায় আমার দেশ পত্রিকা ছিঁড়ে দেখিয়ে তিনি এর প্রতীকী প্রতিবাদ জানান। রাশেদ খাঁনের ভাষায়, আমার দেশ পত্রিকার ‘মিথ্যা বয়ান’ তিনি ছিঁড়ে ফেলেছেন। গত শনিবার ওই ভিডিও পোস্ট করার পর একই বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেন রাশেদ। এক পোস্টে আমার দেশে প্রকাশিত ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি!’ শিরোনামের একটি প্রতিবেদন শেয়ার করে তিনি জামায়াতে ইসলামীর দিকেও অভিযেগের আঙুল তুলেছেন। আরেক পোস্টে তিনি লিখেছেন, “এই হেডলাইনের ব্যাখ্যা কি? আমি হাসিনারপুত্রের সাথে এক হয়েছি? আবার হাসিনাপু্ত্েরর পাশাপাশি আমার ছবি দিয়ে আমাকে আওয়ামীলীগ ট্যাগিং দেওয়ার স্পর্ধা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিভাবে পায়?
“তিনি একটি পত্রিকার সম্পাদক হয়ে আমাকে ‘নব্য বিএনপি’ বলতে পারেন কি? কোনো পত্রিকার সম্পাদক হতে হলে তাকে সম্পাদকীয় নীতিমালা মেনে চলতে হয়। কোন নীতিমালা মেনে আমাকে আওয়ামীলীগ বানানোর ন্যরাটিভ তিনি হাতে নিয়েছেন?”
নিজের পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যা দিয়ে রাশেদ বলেন, “আমাকে নিয়ে করা নিউজটি আমি প্রত্যাখ্যান করে ছিঁড়ে ফেলেছি। অন্যথায় চুপ করে থাকলে আমার দেশের ন্যারেটিভ ধরে আমাকে নিয়মিত ট্যাগিং করার অপচেষ্টা চালিয়ে যেতো। “যেখানে আমি শেখ হাসিনাকে কটুক্তি করার মামলায় ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, জেল খেটেছি, আমার দেশ পত্রিকা আমার কোনো মন্তব্য না নিয়ে আমার বিরুদ্ধে ভুয়া ন্যারেটিভ দাঁড় করালে, সেটা প্রত্যাখান করে প্রতিবাদ করার অধিকারও আমার আছে।” রাশেদ খাঁনের এ ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, “এটি স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ।” তবে ওই পোস্টে রাশেদ খাঁন বলেন, “জামায়াতপন্থী সাংবাদিকরা বয়ান দাঁড় করাচ্ছে, একটা নিবন্ধিত পত্রিকা ছিঁড়ে ফেলা যায়? আরে ভাইয়া, আমি কেনো পত্রিকা ছিঁড়বো?
“আমি তো আমার বিরুদ্ধে হাসিনাপুত্রের সাথে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ প্রত্যাখান করেছি। তো, আমার গায়ে কি ফ্যাসিবাদের সাথে আঁতাত করার মিথ্যা দাগ বয়ে নিয়ে বেড়াবো?”
আরেক পোস্টে রাশেদ বলেন, “আমার দেশ পত্রিকা গত ১৫ দিনে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে ২টা লিড নিউজ ছেপেছে। বিশেষ করে আমাকে হাসিনাপুত্রের সাথে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ আমি ছিঁড়ে ফেলেছি।” এ প্রসঙ্গে জামায়াত নেতার বিবৃতির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “কিন্তু সাথে সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেলের বিবৃতি দেওয়া প্রমাণ করে যে, জামায়াতের ফ্যান্ডিংয়ে আমার বিরুদ্ধে হাসিনাপুত্রের সাথে এক হওয়ার এমন মিথ্যাচার করেছে। জামায়াতের পরামর্শে যদি আমার দেশ পত্রিকাকে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে হয়, তবে পত্রিকার নাম আমার দেশের পরিবর্তে জামায়াতের দেশ দিলে আর কোনো আপত্তি থাকে না।”