পতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতা ও নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের অপতৎপরতা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে তাঁরা দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, আগুন লাগাচ্ছে এবং বোমাবাজি করছে। দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে পতিত এই ফ্যাসিস্টরা। তিনি বলেন, এসব অপতৎপরতা ও অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবেন। পোশাকশিল্পে চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদীরা তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এমন অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর হবে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি: রিজভী
