ঈদযাত্রায় টিকিট যুদ্ধ: আধাঘণ্টায় রেলওয়ের সাইটে সোয়া কোটি হিট

ঈদুল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই যেন হুড়োহুড়ি পড়ে যায় অনলাইনে। গতকাল শনিবার সকালে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট কাটা নিয়েও এমন দৃশ্য চোখে পড়ে। সকালে টিকিট ছাড়ার প্রথম আধাঘণ্টাতেই বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে এক কোটি ২৭ লাখ। গতকাল শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারা দেশে বিক্রি হয় মোট ২৪ হাজার ২৯৩টি আসনের টিকিট। বেলা পৌনে একটার দিকে দেখা যায়, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনা রুটের বেশ কয়েকটি ট্রেনের সব আসনের টিকিট শেষ হয়ে গেছে। রেলওয়ে জানিয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি কিনতে পারবেন। তবে এসব টিকিট রিফান্ড করা যাবে না। এছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।