এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন তামিম ইকবাল। বর্তমান সভাপতি মহসিন নাকভির মেয়াদ শেষ হলে পরবর্তী সভাপতি হিসেবে আসবে বাংলাদেশের পালা, সেখানে সব ঠিক থাকলে সভাপতির দায়িত্ব পাবেন তামিম। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে শেষ হচ্ছে এসিসি সভাপতি হিসেবে নাকভির মেয়াদ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এই মেয়াদ বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। পাঁচ পূর্ণ সদস্য দেশের মাঝে এসিসির সভাপতি পদ রোটেট হয়ে থাকে। পাকিস্তানের পর এবার বাংলাদেশের পালা। সেক্ষেত্রে বিসিবি সভাপতি তামিম ইকবাল এসিসির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন। ক্রিকবাজ জানিয়েছে, তামিম এসিসির সভাপতির দায়িত্ব নিতে ইচ্ছুক এবং এই বিষয়টি এশিয়া মহাদেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাকে ইতোমধ্যে জানানো হয়েছে। এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভির বারবার আলোচনায় এসেছেন। ২০২৫ সালে এশিয়া কাপের ট্রফি জেতার পর নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। ট্রফি ছাড়াই করেছে উল্লাস। পরে সেই ট্রফি এসিসির অফিসে নিয়ে যান নাকভি এবং বলে দেন, বিসিসিআইয়ের কেউ নিতে চাইলে তার কাছ থেকেই ট্রফি নিয়ে যেতে হবে। নাকভি একই সাথে এসিসি-পিসিবি সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত তার কাছ থেকে ট্রফি নিতে না চাওয়ার কারণ হিসেবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং কিছু মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে। নারী এশিয়া কাপেও শিরোপা জিতে নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। পরে জানানো হয়, এই সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে। ট্রফিগুলো এখনও বুঝে পায়নি ভারত। যদিও বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা আশা করেছেন দ্রুতই ট্রফিগুলো তাদের অফিসে চলে আসবে। এসিসির সভাপতির দায়িত্বে থাকা অবস্থাতে আরও একবার ট্রফি দেওয়ার সুযোগ পাচ্ছেন মহসিন নাকভি। আসন্ন ডিসেম্বরে এশিয়ান অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে বাংলাদেশে। সেখানেও টুর্নামেন্টের হট ফেভারিট ভারত, সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন তারা। এবারও ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির কাছ থেকে ট্রফি না নিলে আরও একবার বিতর্ক জন্ম নিতে পারে।
এসিসির সভাপতি হতে যাচ্ছেন তামিম
