কলম্বিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গেরিলাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শনিবার এ তথ্য জানিয়েছে। এর আগে কর্তৃপক্ষ জানায়, হামলায় অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর বিদ্রোহীদের এ হামলার জন্য দায়ী করা হয়েছে। বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত শুক্রবার কাতাতুম্বো অঞ্চলে এ হামলা চালানো হয়। ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নির্দেশে সেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অঞ্চলটির একজন সামরিক কর্মকর্তা এএফপিকে জানান, বিস্ফোরকবোঝাই অন্তত ২০টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ইএলএনকে আমি স্পষ্ট করে বলতে চাই, তোমরা যত পুলিশ কর্মকর্তা বা সেনাকে হত্যা করবে, রাষ্ট্রের পূর্ণ ও বৈধ শক্তি ততবার তোমাদের ওপর নেমে আসবে।’ প্রতিরক্ষামন্ত্রী হোর্হে মোরা শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘জনগণের সুরক্ষা নিশ্চিত, নিরাপত্তা জোরদার, ইএলএন ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা ও এসব হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে’ সামরিক ও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদনকারী দেশ। দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সঙ্গে লড়াই করছে। দে লা এসপ্রিয়েলা এক মাসেরও কম সময় আগে দায়িত্ব নেওয়ার পর থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বোমা হামলা ও স্থল অভিযান জোরদার করেছেন। কলম্বিয়া ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এও যোগ দিয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন লাতিন আমেরিকার দেশগুলোর একটি কার্টেলবিরোধী জোট। এতে আর্জেন্টিনা, ইকুয়েডর ও এল সালভাদরও রয়েছে। দে লা এসপ্রিয়েলা আগামী সপ্তাহে ক্যারিবীয় উপকূলীয় শহর বারানকিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে স্বাগত জানাবেন।
কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত
