বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সরিষাবাড়ী সংবাদদাতা
আজ ২০ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ও বিএনপির সাবেক সফল মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামের তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রিয়াজ উদ্দিন তালুকদার জামালপুর জেলার মধ্যে একজন দানশীল ও ধার্মিক ব্যক্তি ছিলেন।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার বিএনপির মহাসচিব, সরকারের এলজিআরডি মন্ত্রী ও বাংলাদেশের একজন আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। এছাড়াও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সফলতার সাথে চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিস্টাার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় আইন ও বিচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের দ্বিতীয় ও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জামালপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার তার ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন তার কবর জিয়ারত, দোয়া মাহফিল, শোক র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠান গুলোতে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা এবং স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপি।