ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। গত বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বহু মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ধসে পড়া ভবন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আরও মরদেহ উদ্ধারের পর স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা নিহতের সংখ্যা ৫৫ জনে উন্নীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকারীরা জানান, একের পর এক পরাঘাত, ঝুঁকিপূর্ণ ভবন এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে দক্ষিণ ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস সিটি এবং সারাঙ্গানি প্রদেশের বিভিন্ন এলাকা। জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম দ্রুততর করতে এসব এলাকায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে। ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে, মূল ভূমিকম্পের পর থেকে অসংখ্য আফটার শক রেকর্ড করা হয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকার সতর্কতা দেয়া হয়েছে বাসিন্দাদের।