কৃষি কার্ডের কথা বলে সুমন-সেলিমের জালিয়াতি : ১০ জনের নামে কৃষি ব্যাংকে একাউন্ট চালুর অভিযোগ

তৌফিকুল ইসলাম
সরকারি কৃষি উপকরণ সহায়তা কার্ড এর কথা বলে বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখায় ১০ জনের নামে একাউন্ট চালু করেছে সুমন ও সেমিল নামের দুই ভাই। অথচ ১০ জনের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে একাউন্ট চালু করা হলেও তারা কেউ জানেন না। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মো. মোয়াজ্জেম হোসেন।
অভিযোগে জানা যায়, গত ২০২৫ সালের জুন মাসে দক্ষিণ কুর্শা পূর্ব নাছিরপুর এলাকার মৃত বাদশা মন্ডলের দুই ছেলে সুমন ও সেলিম সরকারি কৃষি উপকরণ সহায়তা কার্ডের কথা বলে মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মোয়াজ্জেম হোসেন, মৃত মজিবর রহমানের ছেলে মাসুদ, মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম, উজ্জল হোসেন ও জহুরুল ইসলাম, মৃত নছিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া, মৃত আসু শেখের ছেলে আজিজল হক, মৃত ফজলুল হকের ছেলে হাফিজুর রহমান হাবির কাছে থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি সংগ্রহ করেন। কিন্তু ভুক্তভোগীরা আজও সরকারি কৃষি উপকরণ সহায়তা পাননি।ি
এমতাবস্থায় বাদী মোয়াজ্জেম হোসেন গত ১০ মে ২০২৬ ইং তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর শাখায় তার নামে কৃষি একাউন্ট করতে গেলে ব্যাংক কর্মকর্তা জানান তার নামে অনেক আগেই একাউন্ট চালু রয়েছে। পরবর্তীতে ব্যাংক ম্যানেজার আখতার হাবিব মন্ডলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়টি নিয়ম তান্ত্রিকভাবেই একাউন্ট চালু করেছে বলে জানান। তবে ভুক্তভোগীরা একাউন্টের বিষয়ে তথ্য জানতে চাইলে বা দেখতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরবর্তী আরও কয়েকজনের একাউন্ট চালুর কথা জানতে পারে তারা। এছাড়া প্রত্যেকটি একাউন্টের নমিনী সুমন নামে ওই ব্যক্তিই। ওই একাউন্টের চেক বহি বিবাদী সুমন ও সেলিমের কাছে। এমতাবস্থায় ভুক্তভোগীরা দু:চিন্তায় পড়ে যায়। এ ঘটনায় গত ১২ মে জামালপুর সদর থানায় ভুক্তভোগীদের পক্ষে মোয়াজ্জেম হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।