নিজস্ব সংবাদদাতা
অসাধারণ এক মানবিক সাড়াদানের উদাহরণ সৃষ্টি করে জন্মমাত্রই আলোচনায় এসেছে জামালপুরে নবগঠিত মূসা ফাউন্ডেশন। জামালপুর শহরের মুসলিমাবাদের বাসিন্দা দরিদ্র সাগর মিয়ার কন্যাশিশু সন্তান শিফা (৫) এর ব্রেণ টিউমারের জন্য অপারেশনের ব্যয় বহনের মধ্যদিয়ে আত্মপ্রকাশ ঘটেছে মূসা ফাউন্ডেশন নামে এক মানবিক সংগঠনের। জামালপুর শহরের ফুড জোন রেস্টুরেন্টে মূসা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, মূসা ফাউন্ডেশনের উপদেষ্টা লিয়াকত হোসেন, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আইনজীবী একেএম কামরুল হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে জামালপুর শহরের বিভিন্ন শ্রেণি,পেশার শতাধীক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী নবীউর ইসলাম। আলোচনা সভা শেষে ব্রেণ টিউমারে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। একই সাথে জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী রোটারি ক্লাব অব জামালপুরের সাধারণ সম্পাদক মো. রাকিবুল করিম অসুস্থ শিশুর অপারেশনের জন্য নগদ ৫০ হাজার টাকা দান করেন। এর আগে সমাজের বিশিষ্টজনদের সমাজ ও মানবিক কাজে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এরমধ্যে গত সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আইন পেশায় রিশাদ রেজওয়ান বাবু, রাজনীতিতে লিয়াকত হোসেন, মানবাধিকারে জাহাঙ্গীর সেলিম, ব্যবসায় ইমারত হোসেন এবং মুসলিমাবাদ এলাকা থেকে আইন পেশায় সম্পৃক্ত হওয়ায় স্বামী, স্ত্রী যথাক্রমে আইনজীবী নবিউর ইসলাম এবং আইনজীবী রহিমা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়। মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল হোসেন বিদ্যুৎ সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। জানা যায় স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজ উন্নয়নের লক্ষ্য সামনে রেখে মূসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন মূসা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ইতিবাচক পরিবর্তন সহজেই আসবে। তিনি মাদক নির্মূলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন বিএনপির কোন নেতা, কর্মী যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। সংসদ সদস্য মামুন ডেঙ্গুসহ নানা রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে যুক্ত হবার আহ্বান জানান। জামালপুরের সার্বিক উন্নয়নে তিনি একজন কর্মী হিসেবে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তার মধ্যদিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
