ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন সাদিক কায়েমসহ ৯ নেতা

ছাত্রত্ব শেষ হওয়ায় ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ৯ নেতা। গতকাল সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এ তথ্য দিয়েছেন। বিদায় নেওয়া অন্যরা হলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ। প্রচার সম্পাদক এস এম ফরহাদ বলেন, “আমাদের বছরে দুইবার ছুটি অর্থাৎ বিদায় হয়। একটা ষাণ¥াসিক, আরেকটি বাৎসরিক। এবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নয়জন বিদায় নিয়েছেন। “আগামীকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় পর্ষদের মিটিং আছে, সেখানে এ পদগুলো পুনরায় পূরণ করা হবে।” ছাত্রশিবিরি থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা ফেইসবুকে দিয়েছেন সাদিক কায়েম। গতকাল সোমবার বিকালে এক পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমার আবেগ আর ভালোবাসার সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। “সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ (সোমবার) আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সাথে।” ছাত্রশিবির থেকে দায়িত্ব ছাড়ার পর জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছার কথা বলছেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নূরুল হুদা। এফএনএসকে তিনি বলেন, “আমার জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। মঙ্গলবার (আজ) ইসলামী ছাত্রশিবিরের পর্ষদ বসবে। এরপর হয়ত বলতে পারব। এখন পর্যন্ত এটুকুই প্ল্যান।” মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, “আমি অন্যদের বিষয়টা জানি না। আমি জামায়াতে ইসলামীতে যুক্ত হব।”