নিজস্ব সংবাদদাতা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক বিভাগে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী ক্ষুদে আবৃত্তিশিল্পী মারিয়া জান্নাত আদিলাকে সংবর্ধনা দিয়েছে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
গত বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম আদিলাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, মারিয়া জান্নাত আদিলার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি জামালপুরের প্রাথমিক শিক্ষার জন্যও একটি গৌরবের বিষয়। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে প্রাথমিক শিক্ষা বিভাগ সবসময় সহযোগিতা করে যাচ্ছে। আদিলার মতো প্রতিভাবান শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত আদিলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক বিভাগে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জেলার জন্য বিরল গৌরব বয়ে এনেছে। তার এই অসামান্য সাফল্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন তাকে ধারাবাহিকভাবে সংবর্ধনা জানিয়ে আসছে।
জাতীয় সেরা আবৃত্তিকার আদিলাকে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সংবর্ধনা
