জামালপুরে নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ৩৫ বিজিবি

এম.এফ.এ মাকাম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জিনজিরাম নদী ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটেলিয়ন ৩৫ বিজিবি। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি। জামালপুর ব্যাটেলিয়ন ৩৫ বিজিবির পক্ষ থেকে জানায়- গত ১২ জুলাই পাথরেরচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নদীর প্রবল স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দেয়। সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত জিনজিরাম নদীতে পাহাড়ি ঢলের কারণে অন্তত ১৫টি বসতবাড়ি নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এতে বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন শুরু করে। খবর পেয়ে দ্রুত তাদের সহায়তায় এগিয়ে আসে বিজিবি।
১৩ জুল্ইা সোমবার ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান,পিএসসি। জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান,পিএসসি জানান- দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় তুলে ধরেন। এই কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিপদের মুহূর্তে ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই মানবিক উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।