রাকিবুল হাসান রিফাত
জামালপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্ত্রীর ভাই সৌরভকে অপহরণের অভিযোগ উঠেছে তার বোন জামাই রবিউলের বিরুদ্ধে। গত ৩ আগস্ট মাদারীপুরে ডেকে নেওয়ার পর থেকে সৌরভের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। অপহৃত সৌরভ জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের খাকুড়িপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সৌরভের ফুফু সাবিনা বেগম, দাদা গোলাম মোস্তফা ও আব্দুল করিম।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর-মুড়াগাছা এলাকার আনারুল ইসলামের ছেলে রবিউলের সঙ্গে সৌরভের বোন নুপুরের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। জীবিকার তাগিদে তারা মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় বসবাস করছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রবিউল ও নুপুরের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। এরই মধ্যে গত ৩ আগস্ট রবিউল মোবাইল ফোনে সৌরভকে মাদারীপুরে তাদের বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর থেকে সৌরভের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি এবং তার সন্ধানও পাওয়া যাচ্ছে না।
সৌরভের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে রবিউল তাকে অপহরণ করে থাকতে পারেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা সৌরভকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সৌরভের সন্ধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
জামালপুরে বোন জামাইয়ের বিরুদ্ধে শ্যালককে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন
