নিজস্ব প্রতিবেদক
সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তৃতীয় লীঙ্গের সদস্য, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী, শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং অধিকার সুরক্ষায় উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মুক্ত সংলাপে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
সভায় উপস্থিত সেবাগ্রহীতা তৃতীয় লিঙ্গের ও গৃহকর্মী সদস্যদের বিভিন্ন চাহিদা, অধিকার এবং মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে এবং দাবীর প্রেক্ষিতে অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার, জামালপুর জেনারেল হাসপতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম মাসুম, জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর পৌর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, দোস্ত এইডের হেড অফ একাউন্টস কোহিনুর আলম প্রমুখ। এতে ধারণাপত্র উপস্থাপনা করেন স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার।
দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর সহযোগিতায় স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম জামালপুর ও শেরপুর জেলায় ৮৫০ জন উল্লেখিত জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে বাস্তবায়ন শুরু হয়েছে। এর আগে বিএসআরএমএর সহায়তায় তৃতীয় লীঙ্গের সদস্যদের নিয়ে তিন বছর প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
সভা সূত্র জানায়, স্ক্রিপ্ট প্রকল্পের আওতায় গৃহকর্মী, হিজড়া জনগোষ্ঠী, বিপদাপন্ন, নারী, শিশু-কিশোর, কিশোরীদের অধিকার, আত্মকর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, সামাজিক ও মানবিক সচেতনতা সৃষ্টি করাসহ উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বহুমাত্রিক কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলার উল্লেখিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কার্যক্রম চলছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম বলেন তৃতীয় লিঙ্গসহ নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে জেলা সমাজসেবা কার্যালয় সবধরণের সহযোগিতা করা হয়ে থাকে। আমরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ জনসচেতনতা বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ
