বাংলা নাটকে অভিনেতাজুটি যদি খোঁজা হয়, তবে মোশাররফ ও ফারুকের চেয়ে সফল কিংবা জনপ্রিয় জুটি খুঁজে পাওয়া ভার। বহু নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। বিশেষ করে ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ কিংবা ‘সিকান্দার বক্স’-এর মতো তুমুল জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। এই নন্দিত দুই তারকা জুটিকে মাঝে অনেকদিন এক পর্দায় পাওয়া যায়নি। দীর্ঘ পাঁচ বছর পর ফের একসঙ্গে হাজির হচ্ছেন মোশাররফ-ফারুক। তাদের নিয়ে নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’ বানাচ্ছেন সুজিত বিশ^াস। এই নাটকে মোশাররফ ও ফারুককে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে। বড় ভাই হিসেবে উদ্ভট সব কাণ্ড করেন ফারুক আহমেদ। এই নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে ঝগড়া লেগে থাকে তার। ফারুক আহমেদ জানান, অনেকদিন পর পছন্দসই একটি কাজ পেলেন তারা দুজন। ফলে জমিয়ে আনন্দ নিয়ে নাটকটি করেছেন। মোশাররফের অভিনয়গুণ এবং শুটিংয়ের প্রতি মনোযোগের প্রশংসাও করলেন এই জ্যেষ্ঠ অভিনেতা। নির্মাতা সুজিত জানান, মোশাররফ করিম ও ফারুক আহমেদের সঙ্গে এ নাটকে আরো রয়েছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়ন প্রমুখ। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই নাটকটি আসবে ইউটিউবে।
ফের জুটি বাঁধছেন মোশাররফ ও ফারুক
