জামালপুর গ্রাম পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
জামালপুর গ্রাম পুনর্বাসনের দাবি জামালপুর সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চলের ভেতরে আটকে থাকা ১৫৫ পরিবারের একটি গ্রাম পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলি পশ্চিমপাড়ায় এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন সড়ক পদক্ষিন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইদুর রহমান, সাইদ, তোফাজ্জল হোসেন, সুলতান মিয়া, শেফালী বেগম ও খোরশেদ আলমসহ আরো অনেকেই। বক্তারা বলেন, জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভেতরে অবস্থিত প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম রঘুনাথপুর দিঘুলী পশ্চিমপাড়া। বর্তমানে এই গ্রামের প্রায় ১৫৫টি পরিবারের প্রায় ৫০০ মানুষ চরম উদ্বেগ, উৎকণ্ঠায় মানবেতর জীবনযাপন করছেন। গ্রামটি অর্থনৈতিক অঞ্চলের উত্তর পাশে স্থানান্তর করার প্রতিশ্রুতি দিলেও এখন গ্রামটির মানুষদের উচ্ছেদের পায়তারার অভিযোগ করছেন এলাকাবাসী। এরই মধ্যে বেজা, ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান ও মৌখিক ভাবে বারংবার আবেদন করে গ্রামবাসী। গ্রামটি দ্রুত পুনর্বাসন করার উদ্যোগ না নিলে আগামীতে আন্দোলনের হুশিয়ারী দেন ভুক্তভোগী পরিবার।