ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ,পল্লী সমবায় কর্মকর্তা এনামুল হক,ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান সাংবাদিক গোলাম রব্বানী টিটু, প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন বলেন, “যুবসমাজ হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নের নেতৃত্ব দেবে। তাই বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ করে উদ্দোক্তা এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে। সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে বলে জানান। আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার সামনে অতিথিরা দিবসটি উপলক্ষে বৃক্ষ রোপণ করেন।