ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকসসহ পাওয়ার টিলার জব্দ

ঝিনাইগাতী সংবাদদাতা
ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস সহ একটি পাওয়ার টিলার ও ট্রলি জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গতকাল বুধবার ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকোচা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় কসমেটিকস, একটি পাওয়ার টিলার ও ট্রলি জব্দ করেন। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।