নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক সাতজন হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী (৪৫), জামাল মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), সাইদুর হোসেনের ছেলে সৈকত (৩০), নাসির উদ্দিনের ছেলে আবু হোসেন (৩৫), খোরশেদ মণ্ডলের ছেলে হাসান (৩০), বগুড়া জেলার গাবতলী উপজেলার আনারুল হকের ছেলে রনি (৩২) ও মান্তেজারের ছেলে হামিদুল ইসলাম (৩২)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত ৩টার দিকে সান্তাহার-নাটোর সড়কের সাহাপুর এলাকায় অবস্থান নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক ও মালবাহী অন্যান্য যানবাহন নিয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এসময় তাদের সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, ব্যাটারি চালিত একটি অটোভ্যান ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ সাতজন ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। রাস্তায় ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে তারা একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া তারা জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাংবাদ সম্মেলনে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) প্রদীব ব্যানার্জীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ৭ ডাকাত আটক
