ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে ঠিকই যোগ দিয়েছিলেন। আর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করে দিয়েছেন এই পেসার। প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। তার বোলিং অস্ট্রেলিয়া দলেরও নজর কেড়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আলাদা করে তাকে নিয়ে কথা বলেন, ‘হ্যাঁ, সে (শরিফুল) অনেক ভালো বল করেছে। কিছু রানও করেছে। দারুণ সুইং করিয়েছে। বাতাসও ছিল এখানে। সব মিলিয়ে দারুণ ছিল তার বোলিং।’ পরে বাংলাদেশ দলের টেম্পারমেন্ট নিয়ে কামিন্স বলেন, ‘আসলে যখন রান পাচ্ছেন তখন আপনার স্টাইল, মেথড এসব নিয়ে সচেতন থাকতে হবে। আগের সপ্তাহের কথা বলতে গেলে, বাংলাদেশ তাদের টেম্পার অনুযায়ী না খেলে কিছুটা স্লো খেলেছে। অনেক বেশি ধৈর্যশীল ছিল। সবসময় মারতেই হবে এমন নয়। কন্ডিশন মাঝেমধ্যে আপনার চরম পরীক্ষা নেবে। ব্যাটাররা অনেক সময় মেরে রান বের করার বা স্ট্রাইক রোটেট করার সুযোগ নিতে চায়। তখন মার্জিন অব এরর অনেক ছোট হয়ে যায়। মিস করার সুযোগও বেশি থাকে তখন।’ দলের বোলিং নিয়ে কামিন্স বলেন, ‘আসলে সঠিক জানি না। বেশ ভালো বোলিং হয়েছে আজকে। ভালো ব্যাটিং উইকেট তবে ফাস্ট এবং বাউন্সি ছিল অনেকটাই। যেটা তাদের হোম কন্ডিশনের চেয়ে ভিন্ন। ফলে দুই কারণই (বাজে শট এবং উইকেট) এখানে কাজ করেছে সম্ভবত।’
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
