ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ আয়ুর্বেদিক চিকিৎসক ফজলুল হকের

ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের আয়ুর্বেদিক চিকিৎসক ফজলুল হক আকন্দের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক ও টিকটক অ্যাকাউন্ট খুলে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর নাম-ছবি ব্যবহার করে ঋড়লঁষঁ কড়নরৎধল, ভন্ড কবিরাজ ফজলু, কবিরাজ ফজলু, ঋড়লঁষঁ চধমষধ, রোজিনা বেগন, রিয়া মনিসহ বিভিন্ন নামে ফেক আইডি পরিচালনা করছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাঁর।
ফজলুল হক আকন্দ বলেন, এসব অপপ্রচারে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি।
তিনি জানান, তিনি বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির জামালপুর জেলা শাখার সদস্য এবং রেজিস্ট্রেশন নম্বর এস-১৮৮০(৫৬)/৯৭। পাশাপাশি নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে তিনি চিকিৎসাসেবা ও ব্যবসা পরিচালনা করছেন বলে দাবি করেন।
স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে ভুয়া আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ফজলুল হক আকন্দ তাঁর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টগুলো শনাক্ত ও অপসারণসহ জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।