সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে রণবীর-যশের ‘রামায়ণ’

বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী আর চোখধাঁধানো দৃশ্যায়ন-সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনায় রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। তবে লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের পর সিনেমাটি নিয়ে সমালোচকদের মতামতে দেখা গেছে ভিন্নতা। কেউ এর নির্মাণের ব্যাপ্তি ও দৃশ্যায়নের প্রশংসা করেছেন, আবার কেউ গল্পের দুর্বলতা, অতিরিক্ত দৈর্ঘ্য ও অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কারও কাছে এটি মহাকাব্যিক মাস্টারপিস, অন্যদিকে কারও চোখে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বি-গ্রেডের সিনেমা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি পর্যালোচনায় সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস, সেট ও পোশাক পরিকল্পনার প্রশংসা করা হয়েছে। তবে আন্তর্জাতিক সমালোচকদের মূল্যায়নে ছবিটি রয়েছে মাঝামাঝি অবস্থানে। মার্কিন চলচ্চিত্র সমালোচক ব্র্যান্ডন জাকারি সিনেমাটিকে ১০-এর মধ্যে ৭ নম্বর দিয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচনাবিষয়ক ওয়েবসাইট ইন্ডিওয়্যারও দিয়েছে ‘বি’ গ্রেড। তিন ঘণ্টার এই সিনেমার দৈর্ঘ্য ও গল্পের বিস্তার নিয়ে আপত্তি তুলেছেন কয়েকজন সমালোচক। এনওয়াইসি মুভি গুরু সিনেমাটিকে ‘অতিরিক্ত দীর্ঘ, অগোছালো, ক্লান্তিকর, আবেগহীন ও দুর্বল অভিনয়ের’ বলে মন্তব্য করেছে। প্রতিষ্ঠানটির পর্যালোচক অ্যাভি অফারের মতেও এটি ‘অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বি-গ্রেডের সিনেমা’। অন্যদিকে, নেক্সট বেস্ট পিকচারের জিওভানি লাগোর মতে, ‘গেম অব থ্রোনস’-এর মতো সিরিজ হিসেবে নির্মিত হলে গল্পটি আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব হতো। তবে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের পর্যালোচনা ছিল সম্পূর্ণ ভিন্ন। ‘রামায়ণ’কে ‘অসাধারণ’ ও ‘চিত্তাকর্ষক’ উল্লেখ করে তিনি দিয়েছেন ৫-এ ৫। তার মতে, ভারতীয় পর্দায় এর আগে এমন বিশাল আয়োজন দেখা যায়নি। সিনেমাটির দৃশ্যায়ন, আবেগ, সংগীত ও নির্মাণের ব্যাপ্তির পাশাপাশি নিতেশ তিওয়ারির চিত্রনাট্যেরও প্রশংসা করেছেন তিনি। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও রবি দুবের অভিনয়, এ আর রহমান ও হ্যান্স জিমারের আবহসংগীত এবং ডিএনইজির ভিজ্যুয়াল ইফেক্টসকে বিশেষভাবে উল্লেখ করেছেন এই সমালোচক। তার ভাষায়, ‘রামায়ণ’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা। তবে তার এই প্রশংসাসূচক পর্যালোচনা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে ‘পেইড রিভিউ’ হিসেবে দেখছেন। বাজেটের দিক থেকেও ভারতীয় সিনেমার ইতিহাসে বড় জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’। অভিনেতা ও সহপ্রযোজক যশ জানিয়েছেন, দুই পর্ব মিলিয়ে মুক্তি, প্রচার ও পোস্ট-প্রোডাকশন ব্যয়সহ পুরো প্রকল্পের বাজেট ৪ হাজার কোটি রুপি। সিনেমাটিতে শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানজির চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। আগামী বৃহস্পতিবার বিশ^ব্যাপী মুক্তি পাওয়ার কথা সিনেমাটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। ভারতে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তির পাশাপাশি আইম্যাক্স সংস্করণেও দেখা যাবে সিনেমাটি। মুক্তির আগেই প্রশংসা ও সমালোচনা-দুইয়ের মুখে পড়া ‘রামায়ণ’ শেষ পর্যন্ত দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।