ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। ক্লাসে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকটের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে সংঘটিত সহিংসতার জেরে দেশটির বিভিন্ন এলাকা থেকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীসহ ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবারের এই বিক্ষোভে অন্তত ১০ জন শিক্ষক ও বেশ কয়েকজন শিক্ষার্থীসহ ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। এছাড়া ব্যাপক এই বিক্ষোভের প্রভাব পড়েছে অন্তত ৪০০টি স্কুলে। প্যারিসের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে গত সপ্তাহে এই আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা কয়েকদিন ধরে তাদের স্কুলগুলোতে তালা ঝুলিয়ে অবরোধ করে রেখেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা শিক্ষাব্যবস্থার বেহাল দশার প্রতিবাদ জানিয়ে জানান, প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৩৪ জন ছাড়িয়ে যাওয়ায় পড়াশোনা চালানো অসম্ভব হয়ে পড়েছে এবং শিক্ষকরাও অতিরিক্ত চাপে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- দেওয়া এক পোস্টে ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার্জ জেফ্রে শিক্ষার্থীদের বিক্ষোভ করার সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দিলেও সহিংসতার ঘটনাগুলোকে ‘অমার্জনীয়’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “বিক্ষোভ করার অধিকার মৌলিক স্বাধীনতা হলেও তা সহিংসতার অজুহাত হতে পারে না। অবরোধ দীর্ঘায়িত করা শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের ঝুঁকির মুখে ফেলছে।” ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা পুলিশে দিকে বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করলে পুলিশও লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বিএফএমটিভিকে জানান, মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে, যার দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে পুলিশে হেফাজতের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনীতিবিদদের সমালোচনার মুখে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশ খুবই ‘পরিমিত ও পেশাদার পন্থায়’ দায়িত্ব পালন করেছে। অন্যদিকে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংস্থা ‘ইউনিয়ন সিন্ডিকাল লিসেয়েন’-এর সভাপতি রিয়াদ রানি সরকারের বিরুদ্ধে ‘দমনপীড়ন’ ও পুলিশের মাতাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলেছেন। এর আগে গত সোমবার ১৬৮ জনকে আটকের পর দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুও ছাত্র বিক্ষোভের বাড়াবাড়ির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিকে, একই দিনে শিক্ষক, হাসপাতাল কর্মী ও সিভিল সার্জনদের ইউনিয়নগুলোর দেশব্যাপী কর্মবিরতির পাশাপাশি এই ছাত্র আন্দোলন ফ্রান্সের সার্বিক জনজীবনকে কিছুটা নাড়া দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই লাখের বেশি মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত অন্যান্য পেশাজীবীদের এই বিক্ষোভগুলো মূলত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তথ্যসূত্র: বিবিসি
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সংঘটিত সহিংসতায় আটক ৪ শতাধিক
