বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিজ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন খাতে আরও বেশি অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘কেমিক্যাল ইনোভেশন ফর ফিউচার চ্যালেঞ্জ’Ñ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র অধীনে হিট প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশে গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তিনি আরও বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণায় আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশের মানবসম্পদের সম্ভাবনা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষার্থী ও গবেষকেরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখেন। সম্প্রতি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন। এটি দেশের জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, মানবসম্পদকে শুধু অদৃশ্য সম্পদ হিসেবে না রেখে উৎপাদনশীল ও দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। এ কারণে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি পোশাকের ব্যবহার ও পাটের বহুমুখী ব্যবহার ও গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাটের আঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ সম্পদের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্যের বৈচিত্র্য বাড়াতে বাংলাদেশ প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, পাটের আঁশ দিয়ে নতুন পণ্য উদ্ভাবনে গবেষণা বাড়াতে হবে। পরিবেশবান্ধব ও পচনশীল পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোরও সুযোগ রয়েছে। মন্ত্রী বলেন, ২০২৭ সালের শুরু থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বই-খাতা বহনের জন্য পাটের তৈরি ব্যাগ দেওয়ার বিষয়টিও সরকারের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবার পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ। ফলাফল আশানুরূপ হয়নি। এ অবস্থায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী আগে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর পাস করেছে। প্রায় ৩ হাজার ৭৯০ জনের জিপিএ বেড়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এসব অনিয়ম ও ত্রুটির কারণ অনুসন্ধান করা হবে। এছাড়া এক বা দুটি বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষাও শীঘ্রই অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এহছানুল হক মিলন বলেন, দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ আসনের বিপরীতে পাস করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এদিকে, প্রধান অতিথির বক্তব্যে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে; যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফলাফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার ছিল ৫২ শতাংশ। ফল পুনর্নিরীক্ষণের কার্যক্রম ৭ নভেম্বর শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হবে। ওই সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তার বিশ্বাস, এতে আরও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তিত হবে। শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। তিনি বলেন, এত বড় সংখ্যায় ফল পরিবর্তনের বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে বলা হবে। পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আগে প্রচলিত ১৯৮০ সালের আইনে পরীক্ষার খাতা নতুন করে মূল্যায়নের সুযোগ ছিল না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও কারসাজির বিভিন্ন অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, খাতার ভেতরে নম্বর পরিবর্তন কিংবা খাতা বদলে দেওয়ার মতো ঘটনা ঘটলেও তা শনাক্ত করা কঠিন ছিল। এসব অভিজ্ঞতার ভিত্তিতে এবার ১৯৮০ সালের আইন সংশোধনের মাধ্যমে খাতা নতুন করে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। তবে পুনরায় পরীক্ষার ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেশনজট দূর করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনোভাবেই এর বেশি সময় নেওয়া উচিত নয়। বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় অনেক ক্ষেত্রে এসএসসি পাস করতে ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক শেষ করতে প্রায় ২০ বছর বয়স হয়ে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর জীবন থেকে প্রায় দুই বছর নষ্ট হচ্ছে। তিনি বলেন, ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর করে সময় নষ্ট হলে দেশের জনমিতিক লভ্যাংশ থেকে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ হারাতে হয়। এই ক্ষতির দায় কার? এ কারণে শিক্ষাবর্ষ ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম নির্দিষ্ট সময়সূচির মধ্যে সম্পন্ন করা জরুরি। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার অনুরোধ জানান। শিক্ষার্থী ও অভিভাবকদের সময়ের মূল্য বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অযথা সময় নষ্ট করা যাবে না। অনুষ্ঠানে রাসায়নিক গুদাম ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। নিমতলীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা স্মরণ করে তিনি বলেন, দুর্ঘটনার পর সবাই উদ্বিগ্ন হয়, কিছুদিন আলোচনা করে। কিন্তু দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে কোনও সমস্যা বা করণীয় থাকলে তাকে জানানোর অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক ও জাতীয় সংসদেও আলোচনা করার সুযোগ তার রয়েছে। উল্লেখ্য, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সংগঠনটির আজীবন সদস্য। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি ড. মো. এমরান কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ সোসাইটির সাধারণ সম্পাদক ড. এ কে এম লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জয়নাল আবেদিন সিদ্দিক।