ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চান বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান। গতকাল শুক্রবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং তাঁকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমি বলি, দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান, আমরা তাঁকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা শুভেন্দু অধিকারীর প্রিয় হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, বর্তমান বিএনপিকে দেখলে মনে হয় তারা ভারতের নির্দেশে, আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। আমাদের কথা পরিষ্কার, গণভোটের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকেও গণআন্দোলনের মুখোমুখি হতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাগপায় যোগদান করেন। নতুন নেতাদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে, আপনারা ক্ষমতার ভাগাভাগি নয় বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম ও সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল প্রমুখ। যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।
ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন: রাশেদ প্রধান
