জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলার নরুন্দি–পিয়ারপুর সড়কের মিরাপুর এলাকায় সড়কের একটি অংশ ধসে পড়ায় দুই অঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
টান গত দুই দিনের ভারী বৃষ্টির চলমান অবস্থায় রবিবার গভীর রাতে পিয়ারপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক নরুন্দির উদ্দেশ্যে রওনা দেয়। পথে মিরাপুর গ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ সড়কের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি রাস্তার ধসে যাওয়া অংশে আটকা পড়ে এবং ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সড়কের নিচ দিয়ে বসানো পানি নিষ্কাশনের পাইপের আশপাশের মাটি ভারী বর্ষণের কারণে সরে যাওয়ায় রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। যেহেতু সড়কটি নদীসংলগ্ন এলাকায় অবস্থিত, তাই নিচের মাটি ধসে গিয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন। এ ঘটনায় নরুন্দি ও পিয়ারপুর অঞ্চলের শত শত মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জামালপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, “দুর্ঘটনার সংবাদটি আমরা কিছুটা দেরিতে পেয়েছি। তবে আমাদের প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে যান চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ভারী বর্ষণে নরুন্দি–পিয়ারপুর সড়কের একাংশ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
