মাদারগঞ্জ সংবাদদাতা
বিশ্ব প্রবীণ দিবস ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে গুণী প্রবীণ ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মফস্বল এলাকায় শিল্প-সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সমাজ ভাবনায় অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ অক্টোবর, সোমবার, বিকেলে এফ.এম কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে শিক্ষক, লেখক ও সমাজকর্মী জি বি এম রুবেল আহম্মেদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শিল্প-সংস্কৃতি ও ক্রীড়ানির্ভর এলাকা মোসলেমাবাদ গ্রামের পাঁচজন গুণী প্রবীণ ব্যক্তিত্ব এবং পাঁচজন গুণী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ মোট ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়।
গুণী প্রবীণ ব্যক্তিত্ব সম্মাননা: সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জলিল (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবক আসাদুল্লাহীল গালিব, কবি ও লেখক নান্নু পারভেজ, নাট্যকর্মী ও সমাজসেবক মাজহার বাবলু, গুণী ব্যক্তিত্ব ও সমাজসেবক এলানুর রহমান।
গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা: প্রধান শিক্ষক (অব.) আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক (অব.) আব্দুল হাই বুলু বি-এসসি (মরণোত্তর), সম্মানিত শিক্ষক (অব.) রুহুল আমিন টুনু, সম্মানিত শিক্ষক (অব.) আফজাল হোসেন খান, সম্মানিত শিক্ষক (অব.) মোছা. রেজিয়া খাতুন।
বিশিষ্ট লেখক ও সহকারী অধ্যাপক কামরুল আহসান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও শিক্ষক রকিব লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন– কবি ও লেখক মোকছেদুর রহমান বেলাল, আবৃত্তিকার আব্দুল আলিম রঞ্জু, ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ভুট্টু, চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন। ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান লাঞ্জুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।
অনুষ্ঠানে আয়োজক জি বি এম রুবেল আহম্মেদ বলেন, ‘মফস্বল ও গ্রামের যেসব মানুষ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর প্রবীণ দিবস ও শিক্ষক দিবসে এ ধরনের সম্মাননা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি’।
