রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বারোপ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ লক্ষ্যে প্রকল্পের নির্মাণকাজ ত্বরান্বিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনের সাইডলাইনে গতকাল সোমবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু এবং জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ও রোসাটম একমত হয়েছে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন। এ সময় রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্পে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং রোসাটমের মহাপরিচালক বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।