সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই জনকে আটক করেছে কোস্টগার্ড। তারা হলেন- রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। গতকাল মঙ্গলবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতে সর্বদা তৎপর রয়েছে। গত সোমবার ভোর ৪টায় একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে জানায়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত সোমবার বিকাল ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান এক্সালায়। অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়। তারা খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।