শেরপুর সংবাদদাতা : শেরপুরে অবৈধভাবে মজুত ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেল ৩ টায় পৌর শহরের শেখহাটি বাজারে ওই ঘটনা ঘটে। এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়। সে সদরের পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিল ডিলার নজরুল ইসলাম। এ দিকে গ্রাহকদের চাল না দিয়ে তা জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এনএসআই এর গোপন সংবাদে ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। পরে সেখান থেকে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
শেরপুরে অবৈধভাবে মজুত ২৪৮ বস্তা চাল জব্দ
